নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে তেল মজুতের চেষ্টার অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) ও উপজেলার ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।
পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুত ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া করাতকলের উত্তর পাশের সড়ক থেকে একটি ভ্যান থেকে ৭৬০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এসব ডিজেল মজুতের উদ্দেশে চারটি ড্রামে করে নেওয়া হচ্ছিল। পরে এমপির পোল এলাকা থেকে তিনটি ড্রামে থাকা আরও ৫৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এটিও একই কায়দায় মজুতের জন্য নেওয়া হচ্ছিল। পরে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’