সাড়ে তিন বছর পর বগুড়া জেলা বিএনপির সম্মেলন ২ নভেম্বর

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

আহ্বায়ক কমিটি গঠনের প্রায় সাড়ে তিন বছর পর বগুড়া বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণে জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির পক্ষ থেকে আজ বুধবার রাত নয়টায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। তবে সম্মেলনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বাদশা বলেন, সম্মেলন সুষ্ঠু করতে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। দলের চেয়ারপারসনের দুই উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান এবং বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ এবং বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে ওই কমিটির উপদেষ্টা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে এস এম সাইফুল ইসলামকে।  এ ছাড়া ফজলুল বারী তালুকদারকে যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে এস এম সাইফুল ইসলামকে।  এ ছাড়া ফজলুল বারী তালুকদারকে যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান এবং ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার বলেন, ‘সম্মেলনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। আমরা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলন আয়োজনে প্রশাসনের কাছে অনুমতি চাইব। কোনো কারণে সেখানে সম্মেলন আয়োজনে অনুমতি না দিলে সেন্ট্রাল হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।’

বগুড়া জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এতে সাইফুল ইসলাম সভাপতি এবং জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক হন। ২০১৯ সালের ২৯ এপ্রিল পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০১৯ সালের ১৫ মে বগুড়া-৬ আসনের বর্তমান সংসদ সদস্য গোলাম মো. সিরাজকে প্রধান করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।  এতে বিক্ষুব্ধ নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ওই ঘটনায় ১৬ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে গোলাম মো. সিরাজকে সরিয়ে বগুড়া পৌরসভার বর্তমান মেয়র রেজাউল করিম বাদশাকে আহ্বায়ক করা হয়।