
নরসিংদীর পলাশ উপজেলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে শ্বাসকষ্টে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কনস্টেবলের নাম তৌফিকুল ইসলাম (৫৩)। তাঁর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। তিনি কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।
পলাশ থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতভর পলাশের চরসিন্দুরে সহকারী উপপরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে বিশেষ টহল ডিউটি পালন করছিলেন কনস্টেবল তৌফিকুল ইসলাম। ভোর সাড়ে চারটার দিকে গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্ব পাড়া গ্রামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য যায় দলটি। সেখানে যাওয়ার পর তাঁর হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাঁকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন আজ রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর অ্যাজমার রোগ ছিল। পুলিশ আমাকে জানিয়েছে, আসামির সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁর মৃত্যু হয়।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযানে গিয়ে শ্বাসকষ্টে কনস্টেবল তৌফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানা চত্বরে তাঁর প্রথম জানাজা হয়। এরপর জেলা পুলিশ লাইনসে পৌনে দুইটার দিকে দ্বিতীয় দফা জানাজা শেষে তৌফিকুল ইসলামের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।