ভাঙন প্রতিরোধে এখনই ব্যবস্থা না নিলে বাঁধের এক কিলোমিটার এলাকা বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯৬৪–৬৫ অর্থবছরে নীলগঞ্জ ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়।
জলকপাট এলাকার অন্তত ২০ ফুট নদীতে বিলীন হয়েছে।
বাঁধ ভেঙে গেলে নীলগঞ্জ ইউনিয়নের ১০-১২টি গ্রামের ফসলহানি ঘটবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচটি স্থান বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে এখনই ব্যবস্থা না নিলে ওই বাঁধের এক কিলোমিটার এলাকা বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে লোকালয়ে পানি ঢুকে ফসলহানির আশঙ্কা থাকায় স্থানীয় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, এখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির বাইরের পাশের ঢালসহ অন্তত পাঁচটি স্থান বিলীন হয়ে গেছে। বাঁধের সঙ্গে তিন ভেন্টের (তিন মুখের) যে জলকপাটটি রয়েছে, তার দেয়াল ধসে পড়েছে। জলকপাট এলাকার অন্তত ২০ ফুট নদীতে বিলীন হয়েছে। তা ছাড়া তিন ভেন্টের জলকপাটটির ওপরের মাটি দেবে গর্ত হয়ে গেছে। বাঁধের নতুন নতুন জায়গায়ও ভাঙন ধরেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্র জানায়, ১৯৬৪–৬৫ অর্থবছরে নীলগঞ্জ ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০১৮–১৯ অর্থবছরে ওই বাঁধের দেড় কিলোমিটারে সংস্কারকাজ করে পাউবো। কয়েক মাস ধরে ওই দেড় কিলোমিটারের মধ্যে এক কিলোটারে সোনাতলা নদীর ভাঙন শুরু হয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ লাগোয়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার মুন্সী ও হানিফ হাওলাদার
বলেন, ‘বাঁধের সঙ্গেই আমরা শতাধিক
পরিবার বসবাস করি। বাঁধ ভেঙে যেতে থাকায় প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকি আমরা। যেকোনো সময় সম্পূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাবে, এমন আতঙ্ক আমাদের সবার মধ্যে।’
স্থানীয় কৃষকেরা আরও জানান, এ বাঁধ ভেঙে গেলে নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা, পূর্ব গৈয়াতলা গ্রামসহ আশপাশের ১০-১২টি গ্রাম প্লাবিত হবে। তাই বাঁধ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাঁধ রক্ষার উদ্যোগ না নিলে নদীর পানি ঢুকে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। এতেও শেষ রক্ষা হয়নি। পুরোনো বাঁধটি ভেঙে যায়। এরপর বাঁধের
ক্ষতিগস্ত অংশ সংস্কার করা হয়। এখন তা–ও ভেঙে যাচ্ছে। তিনি আরও বলেন, বাঁধটি রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে হাজার হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ভেসে যাবে গোটা এলাকা। এর প্রভাবে কলাপাড়া উপজেলায় সবজির আবাদে বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এখনই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কিংবা যেকোনোভাবে বাঁধটি রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে পাউবোর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন
প্রথম আলোকে বলেন, নীলগঞ্জ ইউনিয়নের ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি আপাতত জরুরি মেরামত
করে দেওয়া হবে। কৃষকদের স্বার্থের কথা চিন্তা
করে পরে আরও মজবুত ও উঁচু বাঁধ করার
পরিকল্পনা রয়েছে।