রাজশাহীর বাঘার অদম্য মেধাবী শিখা খাতুন। সে নিজের পড়ার খরচ জোগাড় করতে বাচ্চাদের পড়াচ্ছে
রাজশাহীর বাঘার অদম্য মেধাবী শিখা খাতুন। সে নিজের পড়ার খরচ জোগাড় করতে বাচ্চাদের পড়াচ্ছে

অদম্য মেধাবী

ফিনিক্স পাখির মতো জেগে ওঠা শিখা

রাজশাহীর বাঘা উপজেলার মেয়ে শিখা খাতুন। তার জীবনটা ফিনিক্স পাখির মতো, যে পাখি ধ্বংসস্তূপ থেকে নতুন প্রাণশক্তি নিয়ে জেগে ওঠে। নবম শ্রেণিতে পড়ার সময় দরিদ্র পরিবারের মেয়ে শিখা বাল্যবিবাহের শিকার হয়। যৌতুকের জন্য তার ওপর নেমে আসে নির্যাতন–নিপীড়ন। বিয়ের এক মাসের মাথায় বিচ্ছেদ হয়ে যায়। তখন নতুন করে পড়াশোনা শুরু করে সে। এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে শিখা জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

শিখা খাতুনের বাড়ি বাঘা উপজেলার উত্তর মনিগ্রামে। তার বাবা ভ্যানচালক মো. লালন আলী, মা সাহানারা বেগম। তিন ভাই–বোনের মধ্যে সে সবার বড়। ছোট দুই ভাইয়ের মধ্যে বড়জন লেখাপড়া করেনি। ছোট ভাই প্রথম শ্রেণিতে পড়ে। শিখাদের নিজের জমি নেই, অন্যের জমিতে ঘর করে থাকে।

পরিবারের সদস্যরা বলেন, দারিদ্র্যের কারণে নবম শ্রেণিতে পড়ার সময় শিখাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। সেই টাকা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাকে নির্যাতন করা হতো। নির্যাতন সইতে না পেরে বিয়ের এক মাসের মাথায় শিখা বাবার বাড়ি চলে আসে। পরে বিচ্ছেদ হয়।

সম্প্রতি শিখাদের বাড়ি গিয়ে দেখা গেল, সে ঘরের বারান্দায় ২০ শিশুকে পড়াচ্ছে। বলল, শিশুদের পড়িয়ে যে টাকা পায়, তা দিয়ে নিজের পড়াশোনার খরচ মেটায় সে। এখন সে কলেজে ভর্তির টাকা জোগানোর চেষ্টা করে যাচ্ছে। শেষ পর্যন্ত কী হবে, সে জানে না। তবে চেষ্টা করে যেতে চায় সে।

শিখা খাতুন

বিবাহবিচ্ছেদের পরের সময়ের কথা বলতে গিয়ে শিখা খাতুন বলে, প্রতিবেশীরা তখন তাকে আবার পড়াশোনা শুরু করতে বলেন। প্রতিবেশী স্কুলশিক্ষক ইসমত আরা ও শিরিনা খাতুন তাকে সহায়তার হাত বাড়িয়ে দেন। সে বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে শিক্ষকেরা তাকে সহযোগিতা করেছেন। এভাবে সবার উৎসাহ আর সহযোগিতায় সে বাঘার মনিগ্রাম উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়ে এসএসসি পাস করেছে।

শিখার মা সাহানারা বেগম বলেন, তাঁর স্বামী ভ্যান চালিয়ে যে কয় টাকা পান, তা দিয়ে সংসার চলে না। মেয়ের কলেজের পড়ার খরচ দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। বাবা লালন আলী বলেন, ‘মেয়েডা আমার পড়াশোনায় ভালো। আমি তো পড়াতে চাই কিন্তু খরচ তো জোগাড় করতে পারছিনি।’

মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিনুয়ারা খাতুন বলেন, শিখা মেয়েটি পড়াশোনায় খুবই ভালো। বিয়ে দেওয়ার কারণে পড়াশোনার ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি সে কাটিয়ে উঠেছে। সবার সহযোগিতা পেলে সে আরও অনেক দূর যাবে।