মরদেহ
মরদেহ

ব্রেক কষতেই মোটরসাইকেল থেকে পড়ে যান রেললাইনের স্লিপারে, হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

মোটরসাইকেল মেরামতের পর বাড়ি ফিরছিলেন কছিম উদ্দিন (৭৫)। রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ অদূরে ট্রেন দেখতে পান। হতভম্ব হয়ে মোটরসাইকেলের ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান রেললাইনের ওপর। এতে রেললাইনের স্লিপারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের নয়নিবুরুজ রেলস্টেশন–সংলগ্ন রেলক্রসিংয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কছিম উদ্দিন মাগুরা ইউনিয়নের পাঁচমাহিনা এলাকার বাসিন্দা।

কছিম উদ্দিনের ছেলে স্কুলশিক্ষক হায়দার আলী বলেন, তাঁর বাবা স্থানীয় ঝলইহাট বাজারে মোটরসাইকেল মেরামত করিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নয়নিবুরুজ এলাকায় রেলক্রসিং পার হওয়ার ঠিক আগমুহূর্তে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ডান দিক থেকে সামনে চলে আসে। এতে তিনি আকস্মিক ব্রেক কষতে গিয়ে পিছলে রেললাইনের স্লিপারের ওপর পড়েন। পাথর ও স্লিপারে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।