বগুড়ায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, তিন লাখ টাকা জরিমানা

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের মালতিনগর ও বাদুরতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মালতিনগর এলাকার মা ও শিশু ক্লিনিক ও হাসপাতালের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম ও অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে ছিল না চিকিৎসক ও ল্যাব সহকারী। ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা অর্থদণ্ড ছাড়াও হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র সিলগালা করে দেন।

অন্যদিকে শহরের বাদুরতলা এলাকার নিউ সততা ক্লিনিক ও হাসপাতালেও অভিযান চালানো হয়। এখানেও অনুমোদন ছাড়াই হাসপাতাল ও রোগনির্ণয়ের কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও ছিলেন না কর্তব্যরত চিকিৎসক। এখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ওষুধও পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা দীপংকর বসাক, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলীসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।