গাংনীতে বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি ধাওয়া

বিএনপির কার্যালয়ে ইটপাটকেল ছুড়লে বিএনপি ও ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে
ছবি: প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে গাংনী শহরের শহীদ রেজাউল চত্বরে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে ঘটনার সূত্রপাত হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে শহীদ রেজাউল চত্বরে বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় রেজাউল চত্বরের পাশেই উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল ছোড়েন।

এ সময় ইটপাটকেল ছুড়তে দেখে আশপাশে থাকা বিএনপির নেতা–কর্মীরা লাঠি ও দা নিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনার কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ একসঙ্গে একটি মিছিল নিয়ে রেজাউল চত্বরে আসে। এ সময় সেখানে বিএনপির কয়েকজন নেতা–কর্মীও অবস্থান নেন। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির নেতা–কর্মীদের দাবি, এ ঘটনার পর বেলা একটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা আবারও জড়ো হয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান এবং বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ সমাবেশ করে।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান। তিনি বলেন, গাংনীতে বিএনপিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিএনপি আন্দোলনের ছুতা খুঁজে পেয়েছে। বিশ্বের প্রতিটি দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। শেখ হাসিনা দেশের মানুষকে সুখে রাখার জন্য কাজ করছেন। এমন সময় বিএনপি জনমনে সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের সজাগ থাকতে হবে, যেন বিএনপি কোনো অসত্য তথ্য সরবারহ করতে না পারে।

এদিকে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মুখ বন্ধ রাখতে শক্তি প্রয়োগ করছে। দিনের পর দিন মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মুখে উন্নয়নের কথা বলে তারা নিজেদের আখের গোছাচ্ছে। দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলছিল। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ছাত্রলীগকে ধাওয়া করে। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা আবার বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ কাউকে আঘাত করে না। উল্টো ছাত্রলীগের মিছিলে বিএনপি হামলা করেছে। ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে গাংনীতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপিকে রাজনীতির মাঠছাড়া করা হবে।

গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।