এক বছরে অন্তত ১৩টি গাছ উপড়ে পড়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় গাছগুলো অপসারণ করা যাচ্ছে না।
সাড়ে তিন বছর আগে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক সম্প্রসারণের সময় শতবর্ষী ৬৯৭টি গাছের শিকড় কাটা পড়ে। তখনই গাছগুলো উপড়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন স্থানীয় লোকজন। সেই আশঙ্কা সত্যি করে গত এক বছরে মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ১৩টি গাছ উপড়ে পড়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। গাছগুলো যেকোনো সময় উপড়ে পড়ে আরও বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন এলাকার লোকজন।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, শিকড় কাটা পড়া গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে। কিছু গাছের ভেতরে খোঁড়ল (গর্ত) হয়ে গেছে। এমন শতাধিক গাছ সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে। উপড়ে পড়ার ঝুঁকিতে থাকা গাছগুলো অপসারণের দাবি জানিয়ে ইতিমধ্যে ওই মহাসড়কের পাশের ১০টি পরিবারের পক্ষ থেকে জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করেছেন। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঝুঁকিপূর্ণ গাছগুলোও অপসারণ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শার্শা উপজেলার কলাগাছি ও ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন সড়ক মোড়ে শতবর্ষী দুটি গাছ উপড়ে পড়ে আছে। বৃষ্টিতে ভিজে কয়েকটি গাছের শুকনো ডাল ভেঙে পড়েছে। ঝিকরগাছার গদখালী ফুল মার্কেটের পাশে সড়কের দুই পাশে অন্তত ছয়টি শতবর্ষী গাছ শুকিয়ে রয়েছে।
এই মহাসড়কের দুই পাশের গাছগুলোর মালিকানা জেলা পরিষদের। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য গত ৩০ মে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক জেলা পরিষদের প্রশাসকের কাছে একটি চিঠি দেন। এতে বলা হয়েছে, বিভিন্ন স্থানে শতবর্ষী রেইনট্রিগাছ মৃত অবস্থায় দণ্ডায়মান রয়েছে। জরুরি ভিত্তিতে গাছগুলো অপসারণ না করলে বর্ষা ও ঝড়ের এই সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। একই ধরনের চিঠি দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালও।
জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান বলেন, ‘ওই মহাসড়কের গাছ না কাটার জন্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালত অনুমতি না দিলে ওই সড়কের কোনো গাছ আমাদের পক্ষে অপসারণ করা সম্ভব হবে না। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, গত ২৯ এপ্রিল গদখালী এলাকায় একটি গাছ উপড়ে পড়ে। এতে ফুল বাজারের শ্রমিক আল আমিন হোসেনের একটি পা ও মুখের কয়েকটি দাঁত ভেঙে যায়। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। গত বছর ঘূর্ণিঝড়ে শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের বাড়ির ওপরে গাছের ডাল ভেঙে পড়ে। এতে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যশোর শহরের দড়াটানা থেকে বেনাপোল বন্দর পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক ৩২৮ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করে। দুই পাশের গাছ রেখেই ৫ ফুট করে মোট ১০ ফুট সম্প্রসারণ করা হয়। যেখানে গাছ নেই, সেখানে রাস্তা হয়েছে ৩৪ ফুট, আর যেখানে গাছ আছে, সেখানে আগের ২৪ ফুটই রয়ে গেছে। তবে সড়ক ৩ ফুটের বেশি গর্ত করে পুনর্নির্মাণের কাজ করায় গাছের এক পাশের শিকড় কাটা পড়ে। এ নিয়ে ২০১৯ সালের ১০ মার্চ ‘কাটা পড়েছে শিকড়, ঝুঁকিতে ৬২০টি শতবর্ষী গাছ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এই মহাসড়কে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৭৩৭টি গাছ রয়েছে। এর মধ্যে শতবর্ষী গাছ রয়েছে ৬৯৭টি। যার ৬৫ শতাংশ বিনষ্ট (মৃত ও গাছের ভেতরে খোঁড়ল)। ঝড়ে উপড়ে পড়েছে ১৩টি গাছ।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘জনস্বার্থে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়ে উচ্চ আদালতকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে সচিব বেনাপোল মহাসড়ক পরিদর্শন করেছেন। আশা করছি, দ্রুতই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা যাবে।’
এদিকে ঐতিহাসিক এই সড়কটি ছয় লেন বা আট লেনে উন্নীত করা উচিত বলে মনে করেন ভারত-বাংলাদেশ আমদানি রপ্তানি উপকমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান। তিনি বলেন, ‘এই মহাসড়ক এতটাই সরু যে স্বাচ্ছন্দ্যে দুটি ট্রাক পাশাপাশি অতিক্রম করতে পারে না। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনার জন্য এই মহাসড়কটি অচিরেই ছয় লেনে উন্নীত করতেই হবে। সেটা গাছ রেখে হোক বা না রেখে।’
যশোর সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কটি ছয় লেন করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে নড়াইলের কালনা হয়ে বেনাপোল পর্যন্ত ১৩৮ কিলোমিটার মহাসড়কের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রকল্পের নকশা প্রণয়ন করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে বেনাপোল মহাসড়কের অন্তত এক পাশের গাছ অপসারণ করতেই হবে। অন্যথায় জমি অধিগ্রহণ ব্যয় বেড়ে যাবে। এতে প্রকল্পটাই বাধাগ্রস্ত হবে।