
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘নতুন করে তারা পুরোনো নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সঙ্গে বসে তারা ইনসাফ বাস্তবায়ন করবে? গোপনে ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করবে? এ ইনসাফ বাংলার মানুষ আর দেখতে চায় না।’
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন। জেলার কমলনগর উপজেলায় হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনের বালুর মাঠে এ সভা হয়।
জামায়াতের উদ্দেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামি শরিয়ায় দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামি দল নয়।’
চরমোনাই পীর বলেন, ‘তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে? যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে? রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত—এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।’
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এ জনসভার সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।