
গাইবান্ধায় জনপ্রিয় হয়ে উঠেছে ফয়জার রহমানের ‘পোড়া চা’। বিশেষ প্রক্রিয়ায় মাটির কাপ পুড়িয়ে তাতে দুধ চিনি মিশিয়ে এই পোড়া চা তৈরি হয়। দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন এই চায়ের স্বাদ নিতে।
ফয়জার রহমানের (৫৫) বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বোয়ালিয়া মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামে। উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এই গ্রাম। গ্রামেই তাঁর চায়ের দোকান। প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত দোকানটিতে উপচেপড়া ভিড় থাকে। নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে ফয়জার ব্যবসায় সফলতা এনেছেন।
গত মঙ্গলবার রাধাকৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, দোকানের ভেতরে এক পাশে মাটির তৈরি কাপ আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আরেক পাশে একটি থালার ওপর সারিবদ্ধভাবে সেই পোড়া কাপ রাখা। অন্যদিকে চুলায় রাখা পাতিলে দুধ, চাপাতি আর চিনি দিয়ে তৈরি হচ্ছে চা। সেই চা আগুনে পোড়া কাপে ঢেলে ক্রেতাদের দিচ্ছেন। স্থানীয়ভাবে এরই নাম ‘পোড়া চা’। দোকানের বাইরে বসানো টঙে চা পান করছেন বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘ সময় দুধ জ্বাল দেওয়ায় এবং মাটির কাপটি গরম থাকায় চায়ের ভিন্ন স্বাদ তৈরি হচ্ছে।
প্রতি কাপ পোড়া চা ১০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ কাপ পোড়া চা বিক্রি করেন।
ফয়জার রহমানের চা পান করতে আসা গাইবান্ধা শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, পোড়া চায়ের গল্প শুনে তিনি এখানে এসেছেন। ভিন্ন নামের এই চা অন্য চায়ের তুলনায় অনেক সুস্বাদু। তিনি জীবনের প্রথম এ ধরনের পোড়া চা খেলেন।
গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার কলেজছাত্র মিল্লাত হোসাইন বলেন, ফেসবুকে পোড়া চায়ের কথা শুনে তিনি ফয়জারের দোকানে চা খেতে এসেছেন।
চা-দোকানি ফয়জার রহমান বলেন, তিনি ৩৭ বছর ধরে বিভিন্ন এলাকায় চায়ের দোকান করেই সংসার চালাচ্ছেন। দেড় বছর আগে নিজের দক্ষতা কাজে লাগিয়ে তৈরি করেন বিশেষ পোড়া চা। প্রতিদিন দুই মণ পর্যন্ত দুধের চা বিক্রি করেন। তবে ছুটির দিনে চায়ের চাহিদা বেড়ে যায়। প্রতি কাপ পোড়া চা ১০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ কাপ পোড়া চা বিক্রি করেন। মাসে ২০ হাজারের বেশি টাকা উপার্জন করছেন।