আমন চাষে খরচ বৃদ্ধি

‘কৃষকের কোনো শান্তি নাই’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সার–সংকটসহ নানা কারণে এবার আমন আবাদে খরচ বেড়ে গেছে।

আমন খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। গতকাল পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম শিকারপুর এলাকায়
প্রথম আলো

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার কৃষক আবদুর রশিদ (৪৩)। তিনি এবার সাত বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছেন। প্রতি বিঘায় জমির মালিককে দিতে হবে আট মণ ধান। এর আগের বছর প্রতি বিঘায় ধান দিতে হয়েছিল সাড়ে সাত মণ। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সার–সংকটসহ নানা কারণে এবার আমন ধান আবাদে দ্বিগুণ খরচ হবে তাঁর। এ কারণে দুশ্চিন্তা আছেন তিনি।

আবদুর রশিদ বলেন, ‘সারের দাম বাড়ল। তার ওপর আকাশের পানি নাই। খেতে পানি লেগে না থাকায় পোকামাকড়ও বাড়ছে। এবার ধান ঘরে তুলতে আগের চেয়ে মনে হয় ডাবল (দ্বিগুণ) খরচ হবে। কৃষকের কোনো দিকেই শান্তি নাই, সব দিকেই মরণ।’

আমন আবাদের খরচ বাড়ায় আবদুর রশিদের মতো জেলার অনেক কৃষকই বিপাকে পড়েছেন। কৃষকেরা বলেন, এবার প্রতি বিঘা জমি থেকে ধান ঘরে তুলতে ৯ হাজার টাকার বেশি খরচ হবে। প্রতি বিঘায় গত বছরের চেয়ে ৫৫০ টাকা বেশি লাগছে সার কিনতে। এ ছাড়া বৃষ্টিপাত কম হওয়ায় দিতে হচ্ছে সেচ। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক্টর দিয়ে হাল চাষ আর সেচে দিতে হচ্ছে বাড়তি খরচ। এতে বিঘাপ্রতি অন্তত দুই হাজার টাকা বেশি খরচ হচ্ছে। এ ছাড়া বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কৃষিশ্রমিকদের মজুরি। অথচ গত বছর প্রতি বিঘা আমন ধান চাষে সর্বোচ্চ সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়েছিল।

গতকাল শুক্রবার জেলা সদরের জগদল, দশমাইল, গোয়ালপাড়া, ধাক্কামারা, শিকারপুর, মালাদামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা তাঁদের আমনখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে ও খোলাবাজারে ঘুরে জানা যায়, বর্তমানে জেলার খোলাবাজারে প্রতি বস্তা (৫০ কেজি) টিএসপি সার ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ প্রতি বস্তা টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ১০০ টাকা। খোলাবাজারে প্রতি বস্তা (৫০ কেজি) এমওপি (মিউরেট অব পটাশ) সার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা দরে। অথচ সরকার নির্ধারিত এর মূল্য ৭৫০ টাকা। প্রতি বস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ১০০ টাকা হলেও খোলাবাজারে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা দরে। প্রতি বস্তা (৫০ কেজি) ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ৮০০ টাকা হলেও খোলাবাজারে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এবার জেলায় ১ লাখ ১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম শিকারপুর এলাকার কৃষক শাহজাহান আলী (৪৮) বলেন, ডিলারদের কাছ থেকে সার খুবই কম পরিমাণে পাওয়া যাচ্ছে। তা–ও আবার সবাই পান না। এ জন্য বেশির ভাগ কৃষকই খোলাবাজারে বেশি দামে সার কিনতে বাধ্য হন। এদিকে জমিতে পানি শুকিয়ে যাচ্ছে। সেচ আর সার দিতে অনেক খরচ বেড়ে যাবে। আর কয়েক দিন বৃষ্টি না হলে জমি ফেটে যাবে। তখন পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যাবে। এবার আমন ধান চাষ করে তেমন লাভ হবে না। কিন্তু বাজারে জিনিসপত্রের যে দাম, ভাত খাওয়ার জন্য হলেও ধানের আবাদ করতেই হবে।

নাম প্রকাশ না করার শতে৴ একজন খুচরা সার বিক্রেতা বলেন, ডিলারদের মাধ্যমে যেসব বরাদ্দের সার আসে, সেগুলো এখন প্রশাসনের লোকজনের উপস্থিতিতেই বিতরণ করা হয়। তবে তার পরিমাণ খুবই কম। ডিলাররা বাইরে থেকে যে সার সংগ্রহ করেন, তাঁরা সেই সার বেশি দামে কেনেন। এ জন্য তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, কৃষকেরা যাতে সঠিকভাবে সার পান, ডিলারদের সার বিতরণ কার্যক্রম তদারক করা হচ্ছে। বৃষ্টি না হওয়ায় কৃষকদের আমন উৎপাদন খরচ কিছুটা বাড়লেও কৃষকেরা ধানের ভালো দাম পাবেন।