হায়দার আলী
হায়দার আলী

ভিজিএফের চাল বিক্রির টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাইলেন বিএনপি নেতা, দল থেকে অব্যাহতি

জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিক্রি করে সেই টাকা মোবাইল ব্যাংকিংয়ে চাওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই ব্যক্তির নাম হায়দার আলী শরীফ। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ে।
ওই অডিওতে হায়দার আলী শরীফকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আল্লামা মোস্তফাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদের ডিউ থেকে আমার ডিউটাও সম্পন্ন করবেন। আমার মোবাইল নম্বরটি বিকাশ করা, এখানে টাকা পাঠিয়ে দেবেন।’

এ সময় ওই নেতার চাহিদার বিষয়ে জানতে চান প্রশাসনিক কর্মকর্তা। হায়দার আলী ৩০ কেজি ওজনের ১০ বস্তা চাল দাবি করেন। তবে সচিব তাঁকে দুই থেকে তিন বস্তা চাল দেওয়ার কথা বলেন। হায়দার আলী বলেন, ‘পরিষদে আপনার তো একটা ডিউ আছে, সেখান থেকে দিয়েন।’ সচিব কোনো ধরনের ‘ডিউ’ থাকার বিষয়টি সরাসরি নাকচ করলে হায়দার আলী ব্যক্তিগত পার্সেন্টেজ থেকে দেওয়ার প্রস্তাব করেন। পাশাপাশি চালগুলো বাইরে বিক্রি করে দেওয়ার কথাও বলেন। জবাবে সচিব জানান, সরকারি চাল বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগে অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় রতনদী-তালতলী ইউনিয়নের জেলেদের মধ্যে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ করা হয়।

অভিযোগের বিষয়ে হায়দার আলী শরীফ বলেন, ‘আমি নিজের জন্য চাল চাইনি। দলীয় নেতা-কর্মীদের জন্য সচিবের কাছে চাল চেয়েছিলাম। কিন্তু সচিব মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাব।’

গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, ‘সরকারি চাল ব্যক্তিগতভাবে চাওয়া এবং সেই চাল বিক্রির টাকা বিকাশে নেওয়ার বিষয়ে একটি অডিও আমাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করে হায়দার আলী শরীফকে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’