সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বগুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুলিশ সদস্য নিহত

বগুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবদুল লতিফ (৪৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়ার পুলিশ লাইনস থেকে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় ফেরার পথে সাতমাথা-বনানী সড়কে রেশম বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় আবদুল লতিফকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল লতিফের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার চুরিয়াশিখা গ্রামে। তিনি বগুড়া পুলিশ লাইনসে বেতার শাখায় দায়িত্বরত ছিলেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ লাইনসে ডিউটি শেষে আবদুল লতিফ মোটরসাইকেলে করে বনানী এলাকায় ফিরছিলেন। পথে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।