সংবাদ সংগ্রহ করতে গেলে বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলামঘরের সামনে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার চত্বরে আজ শুক্রবার মানববন্ধন করেন সাংবাদিকেরা
সংবাদ সংগ্রহ করতে গেলে বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলামঘরের সামনে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার চত্বরে আজ শুক্রবার মানববন্ধন করেন সাংবাদিকেরা

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা শহরের আখড়া বাজার চত্বরে ‘কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলামঘরের সামনে হামলার আহত হন চ্যানেল টুয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম (ফয়সাল) ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া (পিংকু)। এ ঘটনায় ফয়জুল ইসলাম গতকাল রাতে বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আটজনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানকৃত বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কম দামে এসব সামগ্রী কিনে নেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সাংবাদিক। এ সময় ওই সিন্ডিকেটের লোকজন সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে নৃশংস হামলার শিকার হয়েছেন, তা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু সাংবাদিকদের ওপর হামলা নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত জীবন ও মনা নামের দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।