সিলেটের জাফলংয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়
সিলেটের জাফলংয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়

জাফলংয়ে অভিযান চালিয়ে ৩০ নৌকা জব্দ, দুই শ্রমিককে জরিমানা

সিলেটের জাফলংয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব‌্যবহৃত ৩০‌টি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দুইটা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ব্রিজ, চা–বাগান, নয়াব‌স্তি ও কান্দুবস্তি এলাকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

এ সময় বালু ও পাথর উত্তোলন কাজে জড়িত দুই শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনী ও পু‌লিশ সদস‌্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌ‌হিদুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাঈদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিযানে গিয়ে জাফলং চা-বাগানের নদীতীরবর্তী এল‌াকা, জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় বালু–পাথরের স্তূপ দেখা যায়। অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। সেই সঙ্গে বালু ও পাথর উত্তোলনে ব‌্যবহৃত ১০টি ইঞ্জিন নৌকা, ২০টা বার‌কি নৌকা ও বালু ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত লোহার ২টি পুলি জব্দ করা হয়েছে। বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জ‌ড়িত আটক দুই শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও তৌ‌হিদুল ইসলাম বলেন, জব্দ করা বালু ও পাথর পরিমাপ করতে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জ‌ড়িত দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড করা হয়েছে।