২০২২ সালের জানুয়ারিতে শুরু হওয়া ভবন নির্মাণের কাজ আগস্টে শেষ হওয়ার কথা। কিন্তু ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঠিকাদারের দ্বন্দ্বে কাজ শেষ হয়নি।

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঠিকাদারের দ্বন্দ্বে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেড় বছর ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের সিঁড়ির নিচেসহ পাশের একটি বাজারের খোলা টংঘরে ক্লাস করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসে নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স চাঁন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।
পরে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় আরও ১৭ লাখ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়। বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে ২০২২ সালের ২০ মার্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ মাটি কাটার মধ্য দিয়ে শুরু হয়। নির্মাণসামগ্রীও আনা হয়। কিন্তু নির্মাণকাজের শুরুতেই ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে কাজের স্থানের বৈদ্যুতিক খুঁটিসহ সঞ্চালন লাইন সরানো নিয়ে ঠিকাদারের বিরোধ শুরু হয়। এতে কাজ বন্ধ হয়ে যায়। কাজটি ২০২২ সালের আগস্ট মাসে শেষ হওয়ার কথা ছিল; কিন্তু মাটি কাটা শুরুর পরই নির্মাণকাজ থেমে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে কাজ শুরু করলেও সভাপতি-ঠিকাদারের দ্বন্দ্বের কারণে দেড় বছর ধরে নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। এর পর থেকে বিদ্যালয়ের দুটি পুরোনো শ্রেণিকক্ষে বেড়া দিয়ে চারটি শ্রেণিকক্ষ তৈরি করা হয়। এসব শ্রেণিকক্ষে কোনোরকমে ক্লাস নেওয়া হয়।
এ ছাড়া একটি সিঁড়ির নিচে ও বাজারের তিন টংঘরে পাঠদান করা হয়। বিদ্যালয়ের কার্যালয় করা হয়েছে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে। সেটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ক্লাসের ভালো পরিবেশ না থাকায় দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ে ২২৪ শিক্ষার্থী ছিল, কমতে কমতে এখন তা ১২০ জনে নেমে এসেছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিঁড়ির নিচেসহ বাজারের টংঘরে ক্লাস করছে। ঠিকাদার শুধু মাটি কেটে কাজ ফেলে রেখেছেন। মাঠের মধ্যে নির্মাণসামগ্রী পড়ে আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার বলে, বাজারের টংঘরে খোলা জায়গায় আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বেড়ে যায়, তখন আর বসা যায় না। আবার বৃষ্টি এলে পানিতে বইখাতা ভিজে যায়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহিদুল আবেদীন বলেন, ‘ঠিকাদারের কাজের মান খুব খারাপ। সে কাজের জন্য যেসব নির্মাণসামগ্রী এনেছে, তা নিম্নমানের। খেলার মাঠ ঠিক রাখার জন্য বিদ্যুতের খুঁটি সরাতে যে খরচ হবে, তা ঠিকাদারকেই বহন করতে হবে।
আমরা তাঁকে সহায়তা করব। কিন্তু ঠিকাদার বৈদ্যুতিক খুঁটি আমাদের টাকা খরচ করে সরাতে বলে।’
ঠিকাদার মো. আনোয়ার হোসেন মৃধা বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমার কাছে কিছু টাকা দাবি করেছিল। চাঁদার টাকা না দিয়ে কাজ শুরু করায় বৈদ্যুতিক খুঁটি সরিয়ে এখন পেছনে নিয়ে যেতে বলে। আমাকে টাকা খরচ করে বিদ্যুতের খুঁটি সরাতে বলে। এই অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছে সভাপতি।’