খুলনা জেলা পরিষদ নির্বাচন

ভোটকেন্দ্র বাড়ানোয় স্বতন্ত্র প্রার্থীর উদ্বেগ

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

খুলনা জেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। আগে ৯ উপজেলায় ৯টি কেন্দ্র থাকলেও সিটি করপোরেশনের ভোটারদের জন্য আলাদা কেন্দ্র করা হয়েছে। নতুন ওই ভোটকেন্দ্র করায় উদ্বেগ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা। আজ বৃহস্পতিবার দুপুরে ওই চিঠি দেন তিনি।

চিঠিতে আগের মতো ৯টি কেন্দ্র রাখার আহ্বান জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী বলেন, ৯টি ওয়ার্ডের জন্য ৯টি কেন্দ্রে ভোট হবে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু পরে সিটি করপোরেশনকে ভাগ করে আরেকটি কেন্দ্র করা হয়েছে। কিছুদিন আগে আচরণবিধি লঙ্ঘন করে সিটি করপোরেশনের মেয়র ভোটারদের কাছ থেকে ভোট বুঝে নেবেন বলে হুমকি দিয়েছেন। এরপর দেখা যাচ্ছে, রূপসা উপজেলাকে ভাগ করে সিটি করপোরেশন ও রূপসার জন্য আলাদা দুটি কেন্দ্র করা হয়েছে। সিটি করপোরেশনের ৪২টি ভোটারের জন্য আলাদা কেন্দ্র করে ভোট বুঝে নেওয়ার কৌশল বলে মনে করছেন তিনি।

মোর্ত্তজা রশিদীর প্রধান নির্বাচনী এজেন্ট হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘যখন প্রতীক বরাদ্দ করা হয়েছিল, তখনো আমরা জানি ৯টি কেন্দ্র। কিছুদিন আগে আসা একটি চিঠি সূত্রে জানতে পারলাম কেন্দ্র বাড়িয়ে ১০টি করা হয়েছে। এটা সবার মনেই সুষ্ঠু ভোট গ্রহণ হওয়া নিয়ে আশঙ্কা সৃষ্টি করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ওই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের আগের নির্দেশনা ছিল প্রতিটি উপজেলায় একটি করে কেন্দ্র করতে হবে। সেখানে সিটি করপোরেশনের জন্য আলাদা কেন্দ্র করা ছিল না। পরে কেন্দ্র বাড়ানো যাবে, এমন আরেকটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠির ভিত্তিতে রূপসা উপজেলা ও সিটি করপোরেশনকে আলাদা করে সিটি করপোরেশনের জন্য আলাদা কেন্দ্র করা হয়েছে। সেটি করা হয়েছে প্রতীক বরাদ্দের আগেই। তবে হয়তো ওই প্রার্থী আগে চিঠি পাননি।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম আরও বলেন, কেন্দ্র বাড়ানোর সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সম্পর্ক নেই। ভোটারদের সুবিধার জন্যই এটা করা হয়েছে। আর তা না হলে সিটি করপোরেশনের ভোটারদের নদী পার হয়ে রূপসা উপজেলায় গিয়ে ভোট দিতে হতো।  

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৭ অক্টোবর সারা দেশের মতো খুলনা জেলা পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। অন্য দুইজন হলেন এস এম মোর্ত্তজা রশিদী দারা ও শেখ বাহারুল আলম। মোর্ত্তজা রশিদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদীর ছোট ভাই। বর্তমানে আওয়ামী লীগে তাঁর কোনো পদ নেই। আর বাহারুল আলম স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুদিন আগে অনুষ্ঠিত খুলনা জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।