
রংপুর নগরে রেললাইনের ধারে বসে কানে হেডফোন দিয়ে মুঠোফোনে গেমস খেলার সময় ট্রেনের ধাক্কায় আফিয়ান ইসলাম ওরফে সাকিব (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের সাতমাথা এলাকায় রেলক্রসিংয়ের পাশে দুর্ঘটনাটি ঘটে।
সাতমাথা এলাকার পার্শ্ববর্তী আঙুর মিয়া সেতুর পাশে নিহত আফিয়ান ইসলামের বাড়ি।
স্থানীয় বানিন্দারা বলেন, রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সাতমাথা অতিক্রম করছিল। এমন সময় আফিয়ান কানে হেডফোন দিয়ে রেললাইনের ধারে বসে মুঠোফোনে গেম খেলছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। তাঁকে সরে যাওয়ার জন্য আশপাশের এলাকা থেকে চিৎকার করে জানানো হলেও তিনি শোনেননি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ার আগে তাঁর সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তাঁরা জানান, আফিয়ান মুঠোফোনে গেমস খেলছিলেন।
রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙুলি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনা জানার পরপরই রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।