সাতক্ষীরায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, আরও ভাঙনের শঙ্কা

খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বাঁধ মেরামতের চেষ্টা করছেন গ্রামবাসী। সোমবার দুপুর আশাশুনি উপজেলার গদাইপুর এলাকায়
ছবি: প্রথম আলো

টানা বৃষ্টি ও নদ-নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বাড়ায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের একাংশ তলিয়ে যায়।

এ ছাড়া উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাঁকবাশিয়া এলাকায় পাউবোর বাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশাশুনি উপজেলা সদরের জেলেখালী-দয়ারঘাটের বেড়িবাঁধ, প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া, দরগাতলা আইট, সনাতনকাটি, চাকলা, খাজরা ইউনিয়নের গদাইপুর, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, আনুলিয়া ইউনিয়নের কাঁকবাশিয়াসহ কয়েক জায়গায় বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় এসব জায়গার বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গদাইপুর গ্রামের একাংশ পানিতে তলিয়ে গেছে।

গদাইপুর গ্রামের রমজান আলী বলেন, গদাইপুরের বাঁধটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। স্থানীয় বাসিন্দারা পাউবোর কর্মকর্তাদের বারবার তাগিদ দিলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় খোলপেটুয়া নদীর জোয়ারে দুপুর সাড়ে ১২টার দিকে বাঁধ ভেঙে যায়। ইতিমধ্যে গদাইপুরের শত শত বিঘার চিংড়িঘের তলিয়ে গেছে। ২০–২২টি বাড়ির আঙিনায় পানি থই থই করছে।

খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম প্রথম আলোকে বলেন, খোলপেটুয়া নদীর গদাইপুর এলাকায় ৫০ ফুট বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। তাঁরা স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের চেষ্টা করছেন।

পাউবোর আশাশুনির খাজরা এলাকার উপসহকারী প্রকৌশলী মহিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় গদাইপুর এলাকার বাঁধ হঠাৎ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। তাঁরা বেলা আড়াইটার দিকে বাঁধ সংস্কারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকায় পাউবোর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকছে

এদিকে উপজেলার আনুলিয়া এলাকায় পাউবোর বেড়িবাঁধের দুই স্থানে ৫৫০ মিটার এলাকায় হঠাৎ বড় ধরনের ধস নেমেছে। জোয়ারের পানি বাড়ায় যেকোনো সময় ওই স্থানের বাঁধ ভেঙে সাতটি গ্রাম তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আনুলিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও কাঁকবাশিয়া গ্রামের বাসিন্দা এ টি এম আখতারুল ইসলাম বলেন, তাঁদের এলাকার দুই জায়গায় পাউবোর বেড়িবাঁধের প্রায় ৫৫০ মিটার জায়গা খুব নাজুক অবস্থায় আছে। সামনের পূর্ণিমার জোয়ারে এই বাঁধ টিকবে কি না, তা নিয়ে সংশয় আছে। তিনি বলেন, বাঁধটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় কাঁকবাশিয়া, চেউটিয়া, কাপসন্ডা, বিছট, নয়াখালি ও আনুলিয়া গ্রাম প্লাবিত হতে পারে।

পাউবো-২ সাতক্ষীরার উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন কবির প্রথম আলোকে বলেন, গত শুক্রবার থেকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। কাঁকবাশিয়া এলাকার মামুনের বাড়ির সামনে ২৩০ মিটার ও কাঁকবাশিয়ার বউদির খেয়াঘাটের উত্তর পাশে ২৪০ মিটার বাঁধে হঠাৎ ধস শুরু হয়। বাঁধটি দ্রুত মেরামত করা হবে বলে তিনি জানান।