আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকায় গণসংযোগ করেন
আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকায় গণসংযোগ করেন

রংপুর-৪ আসনে নৌকা-লাঙ্গলের সমানে সমান লড়াইয়ের আভাস

ভোটাররা বলেন, প্রতিবার নির্বাচন এলে তাঁরা নদীভাঙনের সমস্যা সমাধানের আশ্বাস পান। তবে কাজের কাজ কিছু হয় না।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা। শীতকে উপেক্ষা করে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গ্রামের পথে পথে, হাটবাজারে সবার মুখে এক আলোচনা—আসন্ন নির্বাচন। প্রার্থীদের ভালো-মন্দ ও বিগত দিনের কাজ নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিপু মুনশি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম। তিনি জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। এই দুই প্রার্থীর মধ্যে এবার ভালো লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা। এ ছাড়া এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলামও মাঠে আছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে এই আসনের কাউনিয়া উপজেলার হারাগাছ, মেনাজ বাজার, জয় বাংলা, হক বাজার, বাংলা বাজার এলাকা ঘুরে দেখা যায়, শীতের তীব্রতা থাকলেও মানুষজন কাজে বের হয়েছেন। দোকানপাট খুলে গেছে। মানুষের মুখে মুখে নির্বাচনের আলোচনা। হারাগাছ বাজারে কিছু মানুষ জটলা করে গল্প করছেন। তাঁদের কেউ ব্যস্ত এলাকায় কোন প্রার্থীর অবস্থান শক্ত, সেটা নিয়ে আলোচনায়। আবার বর্তমান সংসদ সদস্য এবারের মেয়াদে এলাকার জন্য কী কী করেছেন, সেটা নিয়েও কথা হচ্ছে।

চায়ের দোকানদার সুরুজ মিয়া বলেন, এবার মনে হয় নৌকা আর লাঙলের সমানে সমান লড়াই হবে।

বাজারের মধ্যে কোন প্রার্থীর পাল্লা ভারী—এমন আলোচনাই বেশি প্রাধান্য পাচ্ছে। তাঁরা বলেন, তিনজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলামকে অধিকাংশ মানুষ চেনেন না। আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিমের চর্চাই বেশি হচ্ছে। তবে স্থানীয়ভাবে যাঁর অবস্থান সুদৃঢ়, মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে, তিনিই ভালো করবেন।

এলাকার লোকজন আরও বলেন, কাউনিয়া ও পীরগাছা এই দুই উপজেলা তিস্তা নদীবেষ্টিত। প্রতিবছর নদীর ভাঙন আর বন্যা নদীতীরবর্তী মানুষদের কাহিল করে ফেলেছে। চরাঞ্চলের মানুষের অভাব, কষ্টের মধ্যে ভাঙা-গড়া জীবন। নদীর ভাঙনে বাড়িঘর ভেঙে গেলে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেন তাঁরা। প্রতিবার নির্বাচন এলে তাঁরা নানা প্রতিশ্রুতি পান। কিন্তু কষ্ট একটুও কমে না তাঁদের।

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই গ্রামের নদীভাঙনকবলিত এলাকার বাসিন্দা ঈমান আলী বলেন, ‘ভোট এলে বলা হয় এবার নদীর ভাঙন ঠিক হবে। কিন্তু ভোট শেষে আর খবর থাকে না। আমরা তো সাহায্য চাই না। নদীর ভাঙন রোধ চাই।’

ভোটাররা আরও বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে রংপুরের পীরগাছা-কাউনিয়া এলাকা অনেক পিছিয়ে আছে। কাউনিয়া উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করাসহ নানা দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। কাউনিয়া উপজেলার শহীদবাগ এলাকার বাসিন্দা নুরুন নবী বলেন, ‘নদীভাঙনকবলিত অভাবী এলাকা হলো কাউনিয়া। এই উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে ভালো চিকিৎসা পাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যা করে সেখানে আধুনিক চিকিৎসা দেওয়ার দাবি জানাই।’

এ ছাড়া এই আসনের দুই উপজেলা কাউনিয়া ও পীরগাছা এলাকায় অনেক খালের ওপর বাঁশের সাঁকো রয়েছে। এক গ্রাম থেকে অন্য গ্রামে চলাচলও অনেক ঝুঁকিপূর্ণ। এসব বাঁশের সাঁকোর স্থলে কালভার্ট নির্মাণের দাবি জানান এলাকাবাসী। বাংলাবাজার এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, মরা তিস্তার ওপর একটা পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন তাঁরা দীর্ঘদিন ধরে। এখন পর্যন্ত সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এবার ও প্রার্থীরা সেতু করা হবে বলে প্রতিশ্রুতি দেবেন। কিন্তু তাঁরা আশ্বাস নয়, বাস্তবায়ন চান।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় গতকাল গণসংযোগ করেন

চলছে প্রচারণা

আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল সকাল থেকে পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ ছাড়া উপজেলার ছাওলা, পাওটানা, সাতদরগা এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন। নিজেই প্রচারপত্র বিতরণ করছেন।

টিপু মুনশি বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, ভোটের দিন উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।’

জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম গতকাল সকাল থেকে কাউনিয়া উপজেলার হক বাজার, হারাগাছ, মেনাজবাজার, সারাই বাজার এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন, ‘আমি স্থানীয়। মানুষের সুখে–দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মনে হচ্ছে এবার লাঙ্গলের পক্ষে ভোটবিপ্লব হয়ে যাবে।’