
ষাটোর্ধ্ব দৃষ্টিপ্রতিবন্ধী কান্দুরা রায়। তাঁকে চলাচলে সাহায্য করছেন স্ত্রী অলকা রানী। দুজন একসঙ্গে এসেছেন কুড়িগ্রাম পৌরসভার শেখ রাসেল অডিটরিয়ামে। সেখানে কম্বল পেয়ে কান্দুরা রায় বলেন, ‘কয়দিন থাকি খুব শীত পড়োছে। না। রাইত হইলে ঠান্ডা কনকন করি নাগে। কম্বল কোনা পায়া হামার খুব উপকার হইল।’
কান্দুরার মতো শত শত শীতার্ত মানুষ আজ শনিবার কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। আজ সকালে শেখ রাসেল অডিটরিয়ামে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (ইএনডব্লিউএফ) আয়োজনে দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তি ও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনসাধারণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভুক্ত ৮৫০ জনের মধ্যে তাঁরা এই কম্বল বিতরণ করেন।
ইএনডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রামে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক আকরাম হোসেন ও ইএনডব্লিউএফের সহসভাপতি দলিলুর রহমান।