ফরিদপুরে বিএনপির প্রস্তুতি সম্পন্ন, সংঘাতের আশঙ্কা দেখছে না পুলিশ

সমাবেশমঞ্চের কাজ প্রায় শেষ। আজ শনিবার সকালে ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে
 ছবি: প্রথম আলো

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সমাবেশের জন্য ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। একই সঙ্গে মাঠের পাশের ভবন ও গাছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটানো হচ্ছে।

মঞ্চ তৈরির দায়িত্ব পেয়েছে ফরিদপুরের ডেকোরেটর ব্যবসায়ী লাকি ডেকোরেটর। এর মালিক সালাম শেখ বলেন, ৩৬ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মঞ্চে থাকবে ৮০টি চেয়ার। তবে সেগুলো সবই প্লাস্টিকের।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে মঞ্চ প্রায় প্রস্তুত দেখা গেল। মঞ্চ তৈরির শেষ পর্যায়ে কাজ তদারকি করছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। এ সময় তিনি বলেন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে জনসভার কাজ পরিচালিত হচ্ছে। জনসভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া। আরও বক্তব্য দেবেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান প্রমুখ।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, জনসভার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা দুইটায় কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে।

জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। তিনি বলেন, শহরের মধ্যে জনসভা হলে বিভিন্ন সংঘাত ও উত্তেজনার আশঙ্কা ছিল। কিন্তু যেহেতু শহর থেকে ছয় কিলোমিটার দূরে হচ্ছে, এ কারণে সেখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছেন না তিনি। পর্যাপ্ত পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রাজবাড়ী রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, মুন্সিবাজার মোড়, বদরপুরের মোড়, হাসপাতাল মোড়, শিবরামপুর মোড়সহ গুরুত্বপূর্ণ সব মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানান তিনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বিএনপির কর্মসূচি শহরের বাইরে এবং আওয়ামী লীগের কর্মসূচি শহরের ভেতরে শেখ‌ রাসেল স্কয়ারে। দুই দল তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।