কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ

কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাসীর নামে ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে
ছবি : প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা-ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে তাঁরা এই প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশ শুরুর আগে বিএনপির নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। পরে প্রেসক্লাব থেকে দলীয় কার্যালয় পর্যন্ত মিছিল নিয়ে যান।

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাদের ওপর নির্যাতন চালাচ্ছে।

বক্তারা এ সময় বলেন, বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীদের বুকে গুলি করা হচ্ছে। সরকার পুলিশ দিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। অচিরেই তাদের ক্ষমতা ছাড়তে হবে। ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এর তীব্র প্রতিবাদ করছে। এদিকে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পুলিশ তল্লাশির নামে ভাঙচুর করেছে। কোনো সভ্য সমাজে এ রকম হতে পারে না। এর বিচার চান তাঁরা।