ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন

প্রতিমন্ত্রী হলেন পঞ্চগড়ের সংসদ সদস্য ফরহাদ হোসেন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন (আজাদ)। স্বাধীনতার পর এই আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হলেন। এর আগে এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব। তিনি ২০১৮ সালে পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ফরহাদ হোসেন রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলেন। পরে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পান। ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লিগের সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন।