ঠাকুরগাঁও

হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্রি হচ্ছে খোলা খাবার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কাটা নারকেল বিক্রি করতে এসেছেন এক ফেরিওয়ালা। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

পাঁচতলার লিফটের দরজা খুলতেই কানে আসে মানুষের কোলাহল। মেডিসিন ওয়ার্ডের বারান্দায় গিজগিজ করছে রোগী আর স্বজন। তারই মধ্যে শোনা গেল, ‘এই নারকেল, নারকেল’। তাকাতেই চোখে পড়ে, এক হকার ট্রেতে কাটা নারকেল সাজিয়ে বিক্রি করছেন।

এ চিত্র ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মেডিসিন বিভাগের ওয়ার্ডে জায়গাসংকটের কারণে বারান্দায় শয্যা পাতা হয়েছে। সেখানেও রোগী-স্বজনেরা গিজগিজ করছেন। তার মধ্যে কাটা নারকেল বিক্রি করছেন এক যুবক ফেরিওয়ালা। তাঁর ডাক শুনে রোগীর স্বজনেরা তাঁর কাছে গিয়ে নারকেল কিনে নিচ্ছেন। ট্রেতে কাটা রয়েছে টুকরা টুকরা নারকেল। তার ওপরে নেই কোনো আবরণ।

এ সময় এই প্রতিবেদককে ছবি তুলতে দেখে ওই যুবক সেখান থেকে দ্রুত চলে যান। পরে তাঁকে পাওয়া গেল ছয়তলায়। ছয়তলায় সার্জারি বিভাগ। সেখানেও তিনি ঘুরে ঘুরে রোগী ও স্বজনদের কাছে নারকেল বিক্রি করছেন। হাসপাতালের ওয়ার্ডের ভেতর খোলা খাবার বিক্রি উচিত কি না? জানতে চাইলে তিনি একটু মুচকি হেসে বললেন, ‘সাধে কম এখানে আসি, পেটের দায়েই আসি।’

তাঁর নাম আমিরুল ইসলাম। তিনি বলেন, প্রতিদিন তিনি ছাড়াও সাত–আটজন তরুণ-যুবক হাসপাতাল এলাকায় নারকেল বিক্রি করেন। বাইরে অনেক সময় ক্রেতা পাওয়া যায় না। তাই সুযোগ পেলে ওয়ার্ডের ভেতরেও চলে যান তাঁরা। একবার ঘুরলেই ট্রের প্রায় সব নারকেল বিক্রি হয়ে যায়। ছোট নারকেলের টুকরা ৫ আর বড়টি ১০ টাকায় বিক্রি করেন।

হাসপাতালের পুরোনো ভবনে শিশু ওয়ার্ড। সেখানে গিয়েও দেখা গেছে, নারকেল বিক্রি করছেন এক ফেরিওয়ালা। অভিভাবকেরা তাঁদের শিশুদের তা কিনে দিচ্ছেন। শিশু ওয়ার্ডের বারান্দায় থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুসন্তানের চিকিৎসা নিচ্ছে সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের জগদীশ রায়। তিনি বলেন, ‘যেইঠে ছুয়ালা (শিশুরা) থাকে ওইঠেই ফেরিওয়ালা খাবার ধরিয়া ঘুরঘুর করে। হাসপাতালের খোলা খাবার খায়ে অনেক রোগ হছে জানিয়াও ছেলের রায়নায় পড়িয়া তা কিনে দিবা হছে।’

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক হাবিব-ই-রসুল বলেন, হাসপাতালের ভেতরে কোনো অবস্থাতেই খোলা খাবার বিক্রি করা ঠিক নয়। এতে মারাত্মক সংক্রামক রোগের জীবাণু একজনের দেহ থেকে অন্যের দেহে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বললেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে সাড়ে পাঁচ শর ওপর রোগী ভর্তি থাকছেন। তার ওপর প্রতি রোগীর সঙ্গে গড়ে দুজন করে স্বজন থাকেন। হাসপাতালের সীমিত লোকবল। তবু তাঁরা সব সময় নজরদারিতে রাখছেন বিষয়গুলো। গতকাল ছুটির দিনে লোকবল আরও কম থাকার সুযোগে ফেরিওয়ালা খোলা খাবার নিয়ে ভেতরে চলে যান। তবে এটা কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল চত্বরে খোলা খাবার বিক্রি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।