শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান। আজ বেলা সোয়া ৩টার দিকে
শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান। আজ বেলা সোয়া ৩টার দিকে

শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মারা এবং এসবের প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে। সরকারি দলের অধীন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। শেরপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভোটের শেষ সময়ে এসে ভোট বর্জনের ঘোষণা দেওয়া নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। নিয়ম অনুযায়ী ভো‌টের কার্যক্রম চল‌ছে।

নির্ধারিত সময়ে আজ সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এ ছাড়া নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।