
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হরিপাশা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, আওয়ামী লীগ কর্মী মনির হোসেন ও আলমগীর হোসেন রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদসহ দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে ৮ নম্বর হরিপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। একপর্যায়ে নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল কবির নেতা-কর্মীদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্য পদে নাম ঘোষণা করছিলেন।
এমন সময় হরিপাশা ওয়ার্ডের ইউপি সদস্য হালিম গোলনদাজ আপত্তি জানিয়ে মাইকে বলেন, এখানে বিভিন্ন পদে যাদের নাম ঘোষণা করা হচ্ছে, তাদের ডাকলে কোনো কর্মসূচিতে পাওয়া যায় না।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও মারপিট শুরু করেন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। অধিকাংশ নেতা-কর্মী আতঙ্কিত হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যান। পরে আওয়ামী লীগের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঝালকাঠি সদর থানার সহকারী উপপরিদর্শক মাসুম বিল্লাহ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন।