
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা মহাসড়ক অবরোধ চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে ১২টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত জানিয়ে বলেন, বিষয়টি ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রয়োজনে আবারও অনুরোধ জানাবেন যাতে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করা না হয়। একপর্যায়ে ইউএনও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
মুনসুরাবাদ এলাকার বাসিন্দা সবুন মাহমুদ বলেন, ‘ইউএনওর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সোয়া ১২টার দিকে আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছি। আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের ভাঙ্গার বিভাজন রোধ করা না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে ও সড়কের টায়ার জ্বালিয়ে দুটি মহাসড়কের অন্তত পাঁচটি জায়গায় অবরোধ করেন। অবরোধের কারণে ওই দুটি মহাসড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধকারীরা কোনো সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেননি।