পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে সিএনজিচালক একরামকে হত্যা করা হয়: পিবিআই

অটোরিকশাচালক একরাম হোসেন হত্যা মামলার আসামিদের আজ ঘটনাস্থলে নিয়ে যায় পিবিআইয়ের তদন্তদল। এ সময় তাঁরা এ ঘটনার মহড়া দেন। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড–বাড়বকুণ্ড পথে সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য চালক একরাম হোসেনের (২০) কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর আহমদ।

একরাম এ চাঁদা না দিয়ে অটোরিকশা চালানো অব্যাহত রাখবেন বলে জানালে তিন সহযোগীকে নিয়ে তাঁকে হত্যা করেন নুর আহমদ। অভিযুক্তরা সবাই অটোরিকশা চালক।

২৫ জানুয়ারি নুর আহমদসহ চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৬ জানুয়ারি তাঁদের চট্টগ্রামে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে নেওয়া হয়। এরপর বিভিন্ন মেয়াদে তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ শনিবার দুপুরে পিবিআইয়ের তদন্ত দল আসামিদের নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় কীভাবে হত্যা করা হয়, তা দেখিয়ে দেন চার আসামি। এরপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

পিবিআই সূত্র জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এলাকায় অটোরিকশা চালক একরাম হোসেনকে হত্যা করা হয়। ঘটনার পরদিন একরাম হোসেনের ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

নুর আহমদ ছাড়া গ্রেপ্তার অন্য তিন আসামি হলেন নুর আহমদের সহযোগী জাহেদ হোসেন (২০), মোস্তাফিজুর রহমান ওরফে শাকিব (২০) এবং ইসমাইল হোসেন ওরফে রানা (২৪)। নুর আহমদ ও জাহেদের বাড়ি সীতাকুণ্ড পৌরসভায়, অন্য দুজনের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসানসহ অন্য পুলিশ সদস্যরা। মহড়া চলার সময়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। উপস্থিত ছিলেন একরাম হোসেনের পরিবারের সদস্যরাও।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, মামলাটি প্রথমে সীতাকুণ্ড থানা পুলিশ তদন্ত করেছিল। পরে পিবিআইয়ের কর্মকর্তা হিসেবে তাঁর কাছে তদন্তের ভার আসে। প্রথমে আসামিদের মুঠোফোন ট্র্যাক করে ঘটনার দিনের অবস্থান বের করেন। এরপর তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে ২৫ জানুয়ারি তাঁদের গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর আদালত রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের কাছের একটি পুকুর থেকে খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেন পিবিআই সদস্যরা। আগামী সোমবার রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হবে।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ইপসা কার্যালয়ের সামনে নিহত একরাম হোসেনের উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মহড়ার জন্য অপর একটি অটোরিকশা এনে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের গাড়িতে করে আসামিদের চট্টগ্রাম নগর থেকে ঘটনাস্থলে আনা হয়। এরপর মহড়া শুরু করা হয়।

মহড়ায় দেখানো হয়, একরাম হোসেন যাত্রী ছাড়াই তাঁর অটোরিকশা চালিয়ে বাড়বকুণ্ড থেকে সীতাকুণ্ড সদরের দিকে যাচ্ছেন। তাঁকে অনুসরণ করে পেছন পেছন অপর একটি অটোরিকশা চালিয়ে যাচ্ছেন নুর আহমদ। অন্য আসামিরা নুর আহমদের অটোরিকশায় যাত্রীবেশে বসে আছেন। একরামের অটোরিকশাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে নির্জন জায়গায় পৌঁছামাত্র নুর আহমদের অটোরিকশা তাঁকে অতিক্রম করে এবং একরাম হোসেনের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় ধাক্কা দিয়ে একরামকে তাঁর অটোরিকশা থেকে বের করে তর্কে লিপ্ত হন আসামিরা। একপর্যায়ে নুর আহমদ তাঁর পকেট থেকে ছুরি বের করে জাহেদকে দেন এবং একরামকে ছুরিকাঘাত করার জন্য নির্দেশ দেন। জাহেদ ছুরিকাঘাত করেন। খুনের পর ছুরিটি তাঁরা পাশের পুকুরে ফেলে দেন।

মহড়া চলাকালে আসামি জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি প্রথমে খুন করতে চাননি। কিন্তু নুর আহম্মদ তাঁকে ছুরি ধরিয়ে দিয়ে একরামকে হত্যার নির্দেশ দেন। তিনি হত্যা করতে পারবেন না বললে, নুর আহম্মদ তাঁকেই খুন করে ফেলবেন বলে হুমকি দেন। বাধ্য হয়ে তিনি একরামের বুকে ও পেটে চারটি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে নুর আহমদসহ অন্য তিনজন পালিয়ে গেলেও তিনি পালাতে পারেননি। চারিদিক থেকে যখন লোকজন চলে আসছিলেন, তখন তিনি একরামকে উদ্ধারের ভান করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একরাম মারা যান।

অপর আসামি নুর আহমেদ প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড–বাড়বকুণ্ড পথে অটোরিকশা চালকদের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা নেয় মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে একরামের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। কিন্তু একরাম টাকা না দিয়ে গাড়ি চালানোর ঘোষণা দেন। এতে তিনি ক্ষুব্ধ হন। পরে তাঁকে একটা শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তাঁরা চারজন মিলে একটি বৈঠক করেন ঘটনার দিন বিকেলে। সন্ধ্যার পর থেকে তাঁরা একরামের অটোরিকশাটি অনুসরণ করতে থাকেন।

পিবিআই পুলিশ সুপার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজির কারণে এ হত্যার ঘটনা ঘটে। মাত্র পাঁচ হাজার টাকা চাঁদা আদায়ের জন্য অটোরিকশা চালক একরামকে খুন করেন আসামিরা। প্রাথমিকভাবে হত্যার ঘটনাটির রহস্য উদ্‌ঘাটিত হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।