জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে জিপিএ–৫ সংবর্ধনা

বৃষ্টিভেজা সকালে দূরের গ্রাম থেকেও এসেছিল অনেকে

ভোররাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিভেজা সকালটা ছিল সতেজ। যদিও সকালে আকাশ কালো করে আবারও নামে বৃষ্টি। শেষ পর্যন্ত এই বৃষ্টিকে সঙ্গী করেই জিপিএ–৫ সংবর্ধনায় অংশ নেয় কৃতী শিক্ষার্থীরা। কেউ একা, কেউ আবার অভিভাবক নিয়ে আসে। বৃষ্টিভেজা সকালটা রূপ নেয় তারুণ্যের মিলনমেলায়। অনেক দূরের গ্রাম থেকেও এসেছিল অনেকে।

আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশে আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উপহার সামগ্রী সংগ্রহ করছে

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের আসার কথা ছিল সকাল ৯টায়। তবে সকাল আটটার আগেই অনেক শিক্ষার্থীকে সংবর্ধনাস্থলে চলে আসতে দেখা গেছে। সকাল ৯টা বাজতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও স্ন্যাকসের ব্যাগ। এরপর শিক্ষার্থীরা একে একে মিলনায়তনের ভেতর আসন নিতে থাকে।

ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

এরই মধ্যে বন্ধুসভার সদস্য ও আবৃত্তিশিল্পী তাওফিকা মুজাহিদ মঞ্চে সঞ্চালনা শুরু করেন। সকাল ১০টা বাজতেই সংগীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্রের নেতৃত্বে শিল্পীদের কণ্ঠে বেজে ওঠে জাতীয় সংগীত। এরপর স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফাজ্জল আলী বলেন, ‘আজ যে জিপিএ–৫টা পেয়েছ, এটা জীবনযাত্রার সূচনামাত্র। শুরু হলো তোমার নতুন জীবন। পরবর্তী যে ধাপগুলো আছে, সেখানে তোমাকে অনেক মনোযোগী হতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাহলেই তুমি সফল হবে।’

আবৃত্তি পরিবেশন করছেন শিল্পীরা

এ সময় অভিভাবকদের ত্যাগের মূল্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তোফাজ্জল আলী। তিনি বলেন, ‘শুধু জিপিএ–৫ পেলেই চলবে না। তোমার মা–বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাঁদের যে ত্যাগ, এখন হয়তো তোমাদের অনুভবে আসবে না, উপলব্ধিতে আসবে না। যখন তোমরা অভিভাবক হবে বা মা–বাবা হবে, তখন বুঝতে পারবে যে একজন অভিভাবক তোমাদের পেছনে কতটুকু ত্যাগ স্বীকার করেন।’

দেশের জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবদুল ওদুদ। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যাঁরা শিক্ষিতজন, আমরা যাঁরা এই পর্যায়ে আসতে পেরেছি; প্রত্যেকের ক্ষেত্রেই দেশের জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের অবদান আছে। আমরা যেন তাঁদের কথা সব সময় মনে রাখি।’

অতিথিদের সঙ্গে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা

মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর তুহিন সাইফুল্লাহ।

অনুষ্ঠানে অভিভাবক পপি দাস বলেন, ‘প্রথম আলো বাচ্চাদের (জিপিএ–৫ প্রাপ্তদের) এই সংবর্ধনা দেওয়ায় আমি অনেক অনেক খুশি। বাচ্চাদের প্রতি আমার একটা অনুরোধ, সবাই যেন শিক্ষকদের সম্মান করে।’

সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করে স্থানীয় ব্যান্ড দল ‘আউটকাস্ট’

কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন মৌলভীবাজার ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল থেকে উত্তীর্ণ ধ্রুব পাল ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রাজশ্রী দেব দিয়া।

এর আগে আবৃত্তির সংগঠন উচ্চারণের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষের দিকে অনলাইনে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে স্থানীয় ব্যান্ড দল ‘আউটকাস্ট’ বেশ কিছুটা সময় গানে গানে শিক্ষার্থীদের মাতিয়ে রাখে।