
শেষ হলো মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমা। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা শুরু ২০ জানুয়ারি। এই সময়ে দুই পক্ষের মধ্যে যাতে ঝামেলা না বাধে, সে জন্য আগে থেকে সতর্ক প্রশাসন। এ জন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে সাদপন্থীদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়া হবে। আর মাঠে প্রশাসনের লোকজন ঢুকবেন আগামীকাল সোমবার। মাঠ পরীক্ষা–নিরীক্ষা করে দেখবেন তাঁরা।
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে গত কয়েক বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাঁদের ইজতেমা। ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।
জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু দুটি পক্ষের মধ্যে বিরোধ চলমান, তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালে আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নেব। এরপর ওই দিনই বেলা ১১টার মধ্যে দ্বিতীয় পক্ষের কাছে বুঝিয়ে দেব। তবে আমাদের কার্যক্রম শুরু হবে কাল সোমবার সকাল থেকে। আমাদের লোকজন মাঠে ঢুকে সবকিছু ঠিক আছে কি না বা দ্বিতীয় পক্ষের ব্যবহার উপযোগী কি না, তা পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হবে।’
প্রথম পর্বের তিন দিনের ইজতেমার বয়ান শুনতে গত মঙ্গলবার থেকে মাঠে সমাবেত হতে থাকেন সারা দেশের মুসল্লিরা। এর মধ্যে প্রথম দিনই কানায় কানায় ভরে যায় পুরো ইজতেমা মাঠ। মাঠে জায়গা না পেয়ে হাজারো মুসল্লি অবস্থান নেন আশপাশের সড়ক-মহাসড়কে। মানুষের পদচারণে জনাকীর্ণ হয়ে পড়ে আশপাশের এলাকা। যে যেখানে পারেন, সেখানে বসে বয়ান শোনেন। শরিক হন মোনাজাতে।
আজ বেলা দুইটার দিকে সরেজমিনে ইজতেমা মাঠে দেখা যায়, মোনাজাত শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলিগ জামাতের মুসল্লিরা। এরই মধ্যে ফাঁকা হয়েছে মাঠের অনেক জায়গা। ফাঁকা অংশে পড়ে আছে বিভিন্ন ময়লা-আবর্জনা। মানুষের চলাচলে স্যাঁতসেঁতে হয়ে পড়েছে মাঠের ভেতরের কিছু পথ।
এরই মধ্যে মাঠে প্রবেশের প্রস্তুতির কথা জানিয়ে মাওলানা সাদ অনুসারীর শীর্ষস্থানীয় মুরব্বি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম। আমাদের সাথিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে মাঠের উদ্দেশে রওনা হচ্ছেন। অনেক বিদেশি মেহমানও এসে পড়েছেন। প্রশাসন তাদের কথামতো নির্দিষ্ট সময় মাঠ বুঝিয়ে দিলেও আমাদের আরও কাজ করতে হবে। সময়মতো মাঠ বুঝে পেলেই হয়।’
এদিকে প্রথম পর্বের ইজতেমা শুরুর তিন দিন আগেও দুই পক্ষের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা যায়। ৭ ও ৮ জানুয়ারি মাওলানা সাদের অনুসারীদের তিন প্রতিনিধি মাঠের বিদেশি কামরা পরিদর্শন করতে চেয়েছিলেন। এ সময় তাঁদের মাঠে ঢুকতে বাধা দেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ সময় কথা-কাটাকাটিসহ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘প্রশাসন যেহেতু আমাদের মাঠ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে, তাই আমরা তাদের ওপর ভরসা রাখতে চাই। সিদ্ধান্ত অনুযায়ী আমরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝে পাব, এটাই প্রত্যাশা।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো বিরোধ বা অপ্রীতিকর কোনো কিছু দেখিনি। আশা করছি, শান্তিপূর্ণভাবে শেষ হবে পুরো ইজতেমা। আমরা মঙ্গলবার দ্বিতীয় পক্ষের কাছে মাঠ বুঝিয়ে দেব।’
মাঠ ছাড়ার বিষয়ে জানতে বেলা আড়াইটায় যোগাযোগ করা হলে মাওলানা জুবায়েরের অনুসারীদের মিডিয়া সমন্বয়কের দায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাথি মুসল্লিরা এরই মধ্যে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। বিদেশি মেহমানেরাও বাংলাদেশের বিভিন্ন এলাকায় জামাত নিয়ে বের হবেন। সময়মতো মাঠ বুঝিয়ে দেওয়া হবে।’