জেলা পরিষদের বর্ধিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
তদন্ত কমিটিতে পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে আহ্বায়ক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।
ছাদ ধসের ঘটনায় সাইফুল ইসলাম সিকদার (২৮) ও মো. সাজ্জাদ হোসেন (১৭) নামের দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢালাইকাজ করার সময় এ ঘটনা ঘটে। জেলা পরিষদের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নির্বাহ করার আশ্বাস দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছাদটি নির্মাণের যে সাটারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত মামলা করেননি।
নিহত সাইফুল ইসলাম বাগেরহাটের চিতলমারী থানার কলিগাতি গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে। সাজ্জাদ হোসেন খাগড়াছড়ি জেলা শহরের কলেজগেটের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে।
২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ২২ শ্রমিক কাজ করছিলেন বলে জেলা পরিষদ থেকে জানা গেছে।