ফেনীর সোনাগাজীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন শেখ মো. পারভেজ (৪০)। সেই সাজা থেকে বাঁচতে ১৬ বছর তিনি ওমানে পালিয়ে ছিলেন। এরপরও তাঁর শেষ রক্ষা হয়নি। দেশে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চর সোনাপুর এলাকার আত্মীয়ের বাড়ি থেকে মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পারভেজ উপজেলার নবাবপুর ইউনিয়নে রঘুনাথপুর এলাকার বজলুর রহমানের ছেলে।
সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিমন চক্রবর্তী বলেন, ফেনীর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর থানার অনেক কর্মকর্তা তাঁর খোঁজে মাঠে নামেন। কিন্তু তিনি বিদেশে থাকায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দেড় মাস আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন। কিন্তু গ্রেপ্তার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করে ঢাকা, চট্টগ্রাম ও বিভিন্ন আত্মীয়ের বাড়িতে অবস্থান করতেন। কয়েক দিন আগে পারভেজকে ধরতে তিনি ছদ্মবেশে তাঁর গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে তাঁর মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। সেই নম্বরের সূত্র ধরে চর সোনাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে পৌর শহর থেকে এক নারী উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বেড়াতে যান। সন্ধ্যায় ফেরার পথে সেখানে পারভেজসহ চার যুবক তাঁকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে বাড়িতে ওই নারী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার দুই দিন পর ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মো. পারভেজসহ চারজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করা হয়। ওই ঘটনার পর তিনি আদালতে হাজির না হয়ে আত্মগোপনে ওমানে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। দীর্ঘ শুনানি শেষে আদালত মো. পারভেজসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্যরা পলাতক।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পারভেজকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।