জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসু ভিপি যোগ দিলেন বিএনপিতে, হল সংসদের ৯ প্রতিনিধি ছাত্রদলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে পৃথক হল সংসদের ছয়জন ভিপি, দুই জন সাধারণ সম্পাদক (জিএস) ও একজন এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) আছেন।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি তহিদুর রহমান আওয়ালসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপিতে যোগদানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আবদুর রশিদ।

দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি আবদুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। এর আগে আবদুর রশিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলেন এবং আল-বেরুনী হল ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সমন্বয়ক পদ থেকে সরে গিয়ে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএনপিতে যোগ দিলেন।

এসব ছাত্র প্রতিনিধিদের বিএনপিতে যোগদান পর্বটি সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, সম্প্রতি দেশে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনিয়মের অভিযোগ থাকলেও ছাত্রদল মেধাভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলার লক্ষ্যে এসব নির্বাচনে অংশ নিয়েছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাকসুর ভিপিসহ অন্যদের বরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আজকের এই আয়োজনের মাধ্যমে জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী আবদুর রশিদ বিএনপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন।

জাকসুর ভিপি আবদুর রশিদ বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণ-আন্দোলনের চেতনা ধারণ করে তিনি এমন রাজনৈতিক শক্তির সঙ্গে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি এসব চেতনাকে ধারণ করে এবং দেশের উন্নয়নে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন তাঁকে অনুপ্রাণিত করেছে।

হল সংসদের নেতারা ছাত্রদলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের যাঁরা ছাত্রদলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন নবাব সলিমুল্লাহ হল সংসদের ভিপি ইবনে শিহাব, আল-বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ ও বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী; আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি রায়হান কবীর, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম ও শহীদ রফিক-জব্বার হলের জিএস শরীফুল ইসলাম এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল।