গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

মোহাম্মদ জমির হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ঝিওরী মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ জমির হোসেন (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার জেবল হোসেনের ছেলে।

বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আইয়ুব বলেন, জমির হোসেন রাতে মোটরসাইকেল চালিয়ে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী যাচ্ছিলেন। তিনি মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় স্কুলশিক্ষক আবদুল হালিম চৌধুরী বলেন, একটি গাড়ি রাতে মোটরসাইকেল আরোহী জমিরকে ধাক্কা দিয়ে চলে যায়। তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।