ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের গুলকিবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আজ বেলা সাড়ে ৪টার দিকে গুলকিবাড়ী এলাকা থেকে জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নগরের মিন্টু কলেজ এলাকায় শিক্ষার্থী রিদোয়ান হোসেন হত্যা মামলার আসামি। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ১৯ জুলাই সন্ধ্যার আগমুহূর্তে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী রিদোয়ান হোসেন। তাঁর বাড়ি ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায়। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২০ জুলাই তাঁর দাফন সম্পন্ন হয়।

রিদোয়ান হত্যার ঘটনায় তাঁর পরিবার থানায় কোনো মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে একটি, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে একটি এবং বৈষম্যবিরোধী এক আন্দোলনকর্মী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ জানিয়েছে, বিএনপি নেতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ।