পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা

বগুড়ায় টাকা-স্বর্ণালংকার চুরি, পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একজনকে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে সেলিম ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের গোপাল চন্দ্রর বাড়িতে চুরির অভিযোগ তুলে স্থানীয় লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপাল চন্দ্রর বাড়িতে একদল চোর প্রবেশ করে। তারা টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সেলিম ফকিরকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাঁকে পিটিয়ে হত্যা করে।

গোপাল চন্দ্রর পুত্রবধূ পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে চোরেরা বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার ও তাঁর গায়ে থাকা গয়নাও নিয়ে যায় চোরেরা। তারা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এসে একজনকে ধরে ফেলে।

গৃহকর্তা গোপাল চন্দ্র দাবি করেন, সেলিম ফকির ও তাঁর সহযোগীরা বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, নিহত সেলিম ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ৯টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।