সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে উল্টে গেল মাইক্রোবাস, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস উল্টে গেছে। এ সময় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের মডার্ন হাসপাতাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা হয়। এতে মাইক্রোবাসের চারজন যাত্রী ও অটোরিকশার দুজন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশাটি ওই সড়কেই যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সামনে থেকে এতে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। মাইক্রোবাসটির চাকা ফেটে যাওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। অটোরিকশায় ধাক্কা দেওয়ার পর এটি সড়কেই পাশেই উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ড না ঘটায় যাত্রীরা বেঁচে যান। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. জুবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসটি উল্টে যাওয়ার পর অন্তত দুই মিনিট যাত্রীরা ভেতরে আটকা ছিলেন। বিকট শব্দে গ্যাস বের হওয়ার কারণে উদ্ধারকারীদের মধ্যেও আতঙ্ক ছিল। তবে গ্যাস অনেকটা ফুরিয়ে যাওয়ার পর তাঁদের উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য ফয়সাল আজিজ প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসে থাকা কুয়েতপ্রবাসী ও তাঁর পরিবারের তিন সদস্য সামান্য আহত হয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রীসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির রাব্বানী প্রথম আলোকে বলেন, কুয়েতপ্রবাসী ওই ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন। মাইক্রোবাসটি সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।