
রাজশাহীতে চুরির অভিযোগ তুলে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত নগরের সপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ওই দুই শ্রমিককে বেঁধে পেটানো হয়। খবর পেয়ে রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় জরুরি বিভাগেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মারা যাওয়া দুজন হলেন রেজাউল করিম (৪৫) ও রাকিবুল ইসলাম (৩৫)। রেজাউল নওগাঁর মান্দা উপজেলার সাগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে। রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তাঁরা রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকায় থাকতেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুই শ্রমিক নগরের সপুরার মডার্ন ফুডের মালিকের বাড়িতে কাজে এসেছিলেন। এই বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুপুরে তাঁদের বেঁধে ফেলা হয়। এরপর দফায় দফায় নির্যাতন চালিয়ে তাঁদের কাছ থেকে টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। রাত নয়টার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে।
এরপর দুই শ্রমিককে পুলিশের পিকআপে করেই দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।
ওসি জানান, নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। সেই ভিডিও জব্দ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত মডার্ন ফুডের মালিকের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহর শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ব্যবস্থাপক এমরান হোসেনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, দুই শ্রমিককে নির্যাতনের সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত শ্রমিকদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।