সাতকানিয়ায় ‘চোরের ধাক্কায়’ গৃহকর্তার মৃত্যু

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোরের কিল–ঘুষি ও ধাক্কায় মাটিতে পড়ে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেঁওচিয়ার খোন্দকার খীল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফের (৭০) বাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ছদাহার খোন্দকার খীল এলাকায় থাকতেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে মোহাম্মদ ইউসুফের বাড়িতে শওকত নামের এক ব্যক্তি ঢুকে পড়েন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ির লোকজন তাঁকে আটক করেন। শওকত তাঁর বাড়ি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বলে দাবি করেন। পরে সন্ধ্যার দিকে শওকত মুঠোফোনে যোগাযোগ করে তাঁর ছয় থেকে সাতজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন। এরপর তাঁরা ইউসুফের পরিবারের সদস্যদের মারধর করে শওকতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তাঁদের ধাক্কায় ইউসুফ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফের ছেলে মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিল-ঘুষি ও ধাক্কায় আমার বাবা মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং মারা যান।’
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ইউসুফের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধাক্কায় পড়ে গিয়ে মাথার ভেতর রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। আজ সকালে ইউসুফের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।