
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫) ও তাঁর স্ত্রী হোসনা বেগম (৩৫)। অন্যদের নাম–পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার থেকে পাঁচজন আরোহী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ত্রিশাল যাচ্ছিল। পথে বালিপাড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে যান।