
৯ বছরের ঋতুরানী আচার্য একটি চেয়ারে বসা। মাথায় মুকুট, কপালে টিপ, পরনে লাল শাড়ি। সামনে প্রজ্বলিত মোমবাতি। মন্দিরের পুরোহিত তাকে দেবীর আসনে বসিয়ে কুমারী রূপে পূজা করছিলেন।
এভাবে পাঁচ বছর পর সোমবার বেলা একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারীপূজা অনুষ্ঠিত হয়। জেলা শহরের কালাইশ্রীপাড়া গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটি এর আয়োজন করে।
জানতে চাইলে কমিটির সদস্য আইনজীবী রাকেশ রায় প্রথম আলোকে বলেন, মহা অষ্টমীতে জেলার প্রতিটি মণ্ডপে চলছে অর্চনা ও পূজার উৎসব। এর মূল আকর্ষণ কুমারীপূজা। হিন্দু শাস্ত্রমতে, কোনো ব্রাহ্মণের ১৩ বছরের কম বয়সী মেয়েকে দিয়ে এই পূজা করতে হয়। প্রথম তিন বছর এমন মেয়ে না পাওয়ায় এবং পরবর্তী দুই বছর করোনাভাইরাস মহামারির কারণে এ পূজার আয়োজন করা যায়নি। দীর্ঘদিন পর কুমারীপূজার আয়োজন করায় পুণ্যার্থী ও ভক্তদের ভালো উপস্থিতি ছিল।
দুর্গাপূজা উদ্যাপন কমিটির একাধিক সূত্র জানায়, কুমারীপূজাকে কেন্দ্র করে আজ সকাল থেকে শহরের কালাইশ্রীপাড়ার গুরুচরণ রায়ের আখড়ার দুর্গামণ্ডপে ভক্তদের সমাগম ঘটে। পূজা শুরু হওয়ার পর কানায় কানায় ভরে যায় পুরো মণ্ডপ এলাকা। ৯ বছর বয়সী ঋতুরানী আচার্যকে কুমারী রূপে পূজা করা হয়। এ সময় পুণ্যার্থীরা কুমারী রূপে বসা দেবী মায়ের কাছ থেকে আশীর্বাদ নেন।
মণ্ডপে আসা গায়ত্রী সাহা ও স্বপন কুমার রায় বলেন, ‘দেবী দুর্গার একরূপ হচ্ছে কুমারী। তাই কুমারীপূজায় দেবীরূপী মায়ের কাছে প্রার্থনা করেছি—মা যেন আমাদের সকলকে ভালো রাখেন।’
মণ্ডপের পুরোহিত প্রসেঞ্জিত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শাস্ত্রমতে, বানাসুর বা কোলাসুর নামের অসুর একসময় স্বর্গ-মর্ত্য অধিকার করে নিয়েছিলেন। এরপর বাকি বিপন্ন দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। এর পর থেকে মর্ত্যে কুমারীপূজার প্রচলন শুরু হয়।