হবিগঞ্জে জ্বলতে থাকা ঘর থেকে ট্রাফিক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

হবিগঞ্জ শহরের বহুলা এলাকায় আগুনে জ্বলতে থাকা একটি ঘরের ভেতর থেকে এক ট্রাফিক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ওই পুলিশ সদস্যের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রুবেল আহমেদ (৩২) নামের ওই ব্যক্তি জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে কনস্টেবল হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকায়।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল আহমেদ কয়েকজনের সঙ্গে হবিগঞ্জ শহরের বহুলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। আজ ভোরে ওই বাসায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। তাঁদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে একটি কক্ষ থেকে রুবেল আহমেদের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে তারা।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার প্রথম আলোকে বলেন, রুবেল আহমেদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।