বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়। সব মানুষের সম্পত্তি। যে সন্তান পিতাকে সম্মান করতে পারে না, সে সুসন্তান হতে পারে না।
আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, শুধু আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমিক, আওয়ামী লীগ না করলে বঙ্গবন্ধুর বিরোধী, এটা সত্য নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, বাংলাদেশে যারা বাস করবে, বঙ্গবন্ধুকে পিতার আসনে তাদের গ্রহণ করতে হবে। না হলে তাদের সত্যিকারের সন্তান বলবে না।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান কাদের সিদ্দিকী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, ভাই আজাদ সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।