
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও পথসভা করেছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সদর উপজেলার ঢালান বাজারসংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে ওই কর্মসূচি পালন করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার কিছু পর গাওপাড়া ঢালান বাজারসংলগ্ন রাজশাহী মহাসড়কে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের ব্যানার ও জাতীয় পতাকা হাতে ঝটিকা মিছিল করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা একটি মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন। সেখানে একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসকে তাঁদের আশপাশে চলাচল করতে দেখা যায়। মিছিল ও পথসভা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ওই কর্মসূচি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন বলেন, ‘মিছিল করা বাক্স্বাধীনতার অংশ। তাই আমরা মিছিল করেছি। মিছিল করার কারণে পরে ওই এলাকার বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। কিছু লোককে মারপিটও করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল করার খবর তাঁদের জানা নেই। এ ধরনের তৎপরতা চালানো হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।