
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ও পর্যবেক্ষণ করে দেখেছি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভালো। এ মেশিন নিরাপদ—যেখানে জাল ভোট দেওয়ার সুযোগ নেই।’
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা আরও বলেন, ‘সব রাজনৈতিক দলকে ডাকছি। কারণ, দেশটা সবার। সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা চাই অংশীদারত্বমূলক, প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন। আমরা আহ্বান করব। বিশ্বাস করি ওনারা আসবেন। কারণ, ওনারাও দেশকে ভালোবাসেন।’
দেশের আইনানুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাইব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিক। সবার অংশগ্রহণের মাধ্যমে দেশে ও বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।’
এ সময় আসন্ন জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন রাশেদা সুলতানা। এর আগে তিনি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
জেলা প্রশাসক ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আরিফুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বক্তব্য দেন। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।