নগরকান্দা বিএনপি উপজেলার রাজনীতি—২

নতুন কমিটি হয়নি, হতাশা

২০১৫ সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলন হয়। দীর্ঘদিনেও সম্মেলন না হওয়ায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম
শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলন আট বছর ধরে হচ্ছে না। জেলা কমিটিতে কোন্দল এবং নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির কারণে এই দীর্ঘ সময়ে কমিটি গঠিত হয়নি। ফলে নতুন নেতৃত্ব না আসায় নেতা–কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০১৫ সালের ৮ অক্টোবর। ওই সম্মেলনে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা কমিটির সভাপতি লিয়াকত আলী খান ছেড়ে দিয়েছেন রাজনীতি।  ওই কমিটির সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ পদধারী ৯ নেতা মারা গেছেন। এতে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

অন্তত ছয়জন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কার্যক্রমে গতি আনতে দ্রুত পুরোনো কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে এখন এটা তাঁদের সময়ের দাবিতে পরিণত হয়েছে।

ইউনিয়ন পর্যায় থেকে সম্মেলন করে করে পর্যায়ক্রমে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
শামা ওবায়েদ, সাংগঠনিক সস্পাদক, কেন্দ্রীয় বিএনপি

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ছাত্রদল, যুবদল করেছি। এখন মূল বিএনপিতে স্থান হবে, সে জন্য রাজনীতি করে যাচ্ছি। কিন্তু পাঁচ বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া উপজেলা কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালানো হচ্ছে। এতে রাজনীতিতে প্রাণ ফিরে আসছে না, আমাদের হতাশাও কাটছে না। যদিও বর্তমানে ১০ দফার আন্দোলন আমরা জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রত্যাশিত পদ কপালে জুটবে কি না, তা জানি না।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ বলেন, ‘আমরা সম্মেলন করতে চাই। দলে নতুন নেতৃত্বের বিকাশ না ঘটলে দলের কর্মকাণ্ডে গতি আসে না। তবে জেলা বিএনপিতে নানা সমস্যা চলছে। এক বছর আগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হলেও অভ্যন্তরীণ বিরোধ আছে। এ ছাড়া চলমান আন্দোলনের কর্মসূচি পালনের কারণে উপজেলা কমিটি ইচ্ছা থাকা সত্ত্বেও সম্মেলন আয়োজন করতে পারছে না।’

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, ‘দুই বছর ফরিদপুরে জেলা কমিটি বিলুপ্ত ছিল। প্রায় এক বছর ধরে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। আমরা কাজ করছি। দায়িত্ব হাতে আসার পর দলের প্রতিটি ইউনিট শক্তিশালী করার জন্য কিছু উদ্যোগ নিয়েছি। বর্তমানে আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে আছি। আন্দোলনের পাশাপাশি আমরা দলের প্রতিটি ইউনিট সচল করব। নগরকান্দায় সম্মেলন করে যাঁরা রাজনীতি ছেড়ে দিয়েছেন, যাঁরা শারীরিকভাবে অক্ষম, তাঁদের সরিয়ে সাহসী ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।’ তবে কবে নাগাদ এ উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দেননি এ কে কিবরিয়া।

নগরকান্দা ও সালথা নিয়ে জাতীয় সংদরে ফরিদপুর-২ আসন। এই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান। তাঁর মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

উপজেলা বিএনপির রাজনীতির বিষয়ে তিনি বলেন, বিএনপি এখন আন্দোলনে আছে। কোভিডজনিত সমস্যায় রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। এখন বিএনপিকে দলীয় সাংগঠনিক কাজের পাশাপাশি আন্দোলন–সংগ্রামে বেশি মনোনিবেশ করতে হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সম্মেলন করে করে পর্যাক্রমে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক নগরকান্দার কোনাবাড়ী এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, নগরকান্দায়  সম্মেলন হচ্ছে না দীর্ঘদিন। নতুনদের এগিয়ে আনার জন্য সম্মেলন জরুরি। দ্রুততম সময়ে সম্মেলন হওয়া উচিত, তা না হলে দলের স্থবিরতা ও নেতা-কর্মীদের হতাশা কাটবে না।

শামা–শহীদুল দ্বন্দ্ব

এলাকায় আধিপত্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলের মধ্যে বিরোধ রয়েছে। দুই নেতাকে কেন্দ্র করে দলে দুটি ধারারও সৃষ্টি হয়েছে।

শামা ওবায়েদ বলেন, নগরকান্দা বিএনপির দুটি ধারা আছে এটা ঠিক নয়। তবে বড় দলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বভাবিক।

শহীদুল ইসলাম বলেন, ‘বড় দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে। আমি চেষ্টা করছি, তিনিও চেষ্টা করছেন। আমরা সবাই দলের জন্য কাজ করছি। তবে দল আমাকে কিংবা শামা যাঁকেই মনোনয়ন দিক, আমি সেভাবে কাজ করব। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, তবে সেটা অসুস্থ নয়।’

আন্দোলন ঠেকাতে হামলা–মামলা

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের নামে এ পর্যন্ত অন্তত পাঁচটি হয়রানিমূলক মামলা রয়েছে। প্রতিটি মামলায় ২০০ থেকে ২৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমানসহ অন্তত ২৫১ জন নেতা–কর্মী বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন।