চট্টগ্রামের হেলে পড়া ভবনটি ভেঙে ফেলতে হবে

খাল খননের সময় হেলে পরে এ চারতলা ভবনটি। চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায়
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের ষোলশহরে হেলে পড়া চারতলা ভবনটি ভেঙে ফেলতে হবে। এ জন্য ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে আজ বৃহস্পতিবার চিঠি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে ভবনমালিক নিজ উদ্যোগে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণত্রুটি রয়েছে। খালের পাশে যেভাবে ভিত্তি (ফাউন্ডেশন) দিয়ে ভবন নির্মাণ করার কথা ছিল, তা করা হয়নি। খালের পাশে প্রতিরোধদেয়াল নির্মাণের জন্য ভবনটির একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রতিরোধদেয়াল নির্মাণ করতে খালটি খনন করা হয়েছে। এসব কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনের অপসারণের জন্য সিটি করপোরেশনের চিঠি দেওয়ার পাশাপাশি ভবনমালিককেও ডাকা হয়েছে বলে জানান অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান। তিনি বলেন, ভবনমালিক নিজ উদ্যোগেই ভবন অপসারণ করবেন বলে তাঁদের জানিয়েছেন।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের ষোলশহরে চশমা খালের পাশে ফেরদৌস প্লাজা নামের একটি চারতলা ভবন হেলে পড়ে। সেদিন দুপুরে ফায়ার সার্ভিস ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। চারতলা ভবনের নিচতলায় দোকান, দোতলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় আইটি ফার্ম ও প্রশিক্ষণ কেন্দ্র এবং চারতলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের অফিস রয়েছে।

সিটি করপোরেশনকে দেওয়া সিডিএর চিঠিতে বলা হয়, চারতলা ভবনটি হেলে পড়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। এতে আরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।