মোটরসাইকেল চুরির পর রেখে যাওয়া বাইসাইকেল। আজ সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুরে
মোটরসাইকেল চুরির পর রেখে যাওয়া বাইসাইকেল। আজ সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুরে

চোর নিয়ে গেল ইমামের মোটরসাইকেল, রেখে গেল বাইসাইকেল

ফজরের নামাজ আদায় শেষে মসজিদের বাইরে বেরিয়ে ইমাম দেখেন, তাঁর মোটরসাইকেলটি চুরি গেছে। তবে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার আগে সেখানে রেখে যাওয়া হয়েছে পুরোনো একটি বাইসাইকেল। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার ভোরে নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মসজিদটির ইমাম আবদুর রাজ্জাক বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে ফজরের নামাজ পড়াতে তিনি মোটরসাইকেলে করে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে তাঁর ব্যবহৃত ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো বাইসাইকেল। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, বাইসাইকেলটি এলাকার কারও নয়।

জানতে চাইলে মসজিদটির মুসল্লি সৈয়দপুর শহরের বাসিন্দা সাইদুর রহমান বলেন, চোর সম্ভবত নিজের বাইসাইকেলটি রেখে হুজুরের মোটরসাইকেলটি নিয়ে গেছেন।
মোটরসাইকেল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন আবদুর রাজ্জাক। পরে আজ দুপুরে তিনি সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখা গেছে। তাঁকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।